শিরোনাম

বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

নিজস্ব প্রতিবেদক
বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত
৮৭ রানে আউট হন শান্ত। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে চলমান মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও তিনি ম্যাজিক ফিগার ছোঁয়ার কাছাকাছি ছিলেন। তবে মঙ্গলবার (১২ মে) টেস্টের পঞ্চম দিনে ৮৭ রানে আউট হওয়ায় সেটি হয়নি। তাতে বিশ্বরেকর্ড হাতছাড়া করেন বাঁ-হাতি এই ব্যাটার।

বাঁ-হাতি স্পিনার নোমান আলীর বলে রিভার্স সুইপ করতে গিয়ে মিস করে এলবিডব্লিউর ফাদে পড়েন শান্ত। রিভিউ নিয়েও লাভ হয়নি শান্তর। ১৫০ বলে তাকে ৮৭ রান করে ফেরেন সাজঘরে।

এর আগে টেস্ট ক্যারিয়ারে ২ বার এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি আছে শান্তর। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরেই তিনি যথাক্রমে ১৪৬ এবং ১২৪ রানের ইনিংস খেলেছিলেন। পরে ২০২৫ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শান্ত। খেলেন ১৪৮ এবং ১২৫ রানের ইনিংস।

সবমিলিয়ে তৃতীয়বার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কাছাকাছি ছিলেন শান্ত। তেমন কিছু হলে বিশ্বের মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে তিন টেস্টে জোড়া সেঞ্চুরির বিশ্বরেকর্ডে নাম লেখাতেন শান্ত।

টেস্টে কেবল তিন ক্রিকেটার ৩ বার করে এই কীর্তি গড়েছেন। তারা হলেন সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার।

বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ফলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। মধ্যাহ্নভোজের বিরতির আগে পাকিস্তান করেছে ১ উইকেটে ৬ রান।

/টিই/