শিরোনাম

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছি: পাকিস্তান প্রধানমন্ত্রী

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছি: পাকিস্তান প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

এর আগে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। সে সময় থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, তারা গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে।

যদিও প্রথমে বাংলাদেশের সমর্থনে পাকিস্তান বিশ্বকাপ বর্জন করবে, এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে শেষ পর্যন্ত ঢাকাকে সমর্থন জানিয়ে ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসলামাবাদ। শুরুতে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি পাকিস্তান। তবে বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, বাংলাদেশকে বাদ দেওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা টি-২০ বিশ্বকাপ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি যে, আমরা ভারতের বিরুদ্ধে খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি হওয়া উচিত নয়।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খুবই বিবেচনামূলক সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে থাকা উচিত। আমি মনে করি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট ছিল উপযুক্ত সিদ্ধান্ত।’

আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ইতোমধ্যেই এ ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এ বিষয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পাকিস্তানকে সতর্ক করেছে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বিরুদ্ধে ম্যাচে অংশগ্রহণ না করলে পাকিস্তানকে পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে।

সূত্র: টিআরটি

/জেএইচ/