শিরোনাম

পাকিস্তানের বাঁচা-মরার লড়াই আজ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের বাঁচা-মরার লড়াই আজ
পাকিস্তান ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠার আশা টিকিয়ে রাখতে আজ মাঠে নামছে পাকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় ছাড়া কোনো পথ খোলা নেই তাদের সামনে। হারলেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ যাত্রা। ফলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) কলম্বোর স্টেডিয়ামে পাকিস্তান সমর্থকদের বাড়তি নজর থাকবে এই ম্যাচে।

এর আগে ভারতের বিপক্ষে ৬১ রানের পরাজয়ের হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেনি দলটি। সেই ম্যাচে হারের পর অভিজ্ঞ দুই ক্রিকেটার শাহিন আফ্রিদি ও বাবর আজমকে সাবেক ক্রিকেটারদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে।

এমন পরিস্থিতিতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচকে ঘিরে নতুন পরিকল্পনা সাজাচ্ছে সালমান আলি আগার দল। কাগজে-কলমে সহজ প্রতিপক্ষ হলেও, বিদায়ের শঙ্কা মাথায় থাকায় এই ম্যাচে বাড়তি চাপ নিয়েই খেলতে হবে পাকিস্তানকে।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ছোট দলের বিপক্ষে বড় দলের হার এখন আর অস্বাভাবিক নয়। এর সাম্প্রতিক উদাহরণ জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার পরাজয়।

এদিকে দল নির্বাচন নিয়েও চাপে রয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। নামিবিয়ার সঙ্গে ম্যাচে একাদশে পরিবর্তনের সম্ভাবনা আছে। আলোচনায় রয়েছেন সালমান মির্জা ও ফখর জামান। গত কয়েক ম্যাচে পাকিস্তান স্পিন নির্ভর বোলিংয়ে বেশি ভরসা করেছে। ১৩, ১৬ ও ১৮তম ওভার পর্যন্ত স্পিনারদের দিয়ে করানো হয়েছে। ছন্দ ফেরাতে বোলিং বিভাগে পরিবর্তন আসতে পারে।

অন্যদিকে, ২০২৭ সালের বিশ্বকাপের সহ-আয়োজক নামিবিয়াও লড়াইয়ে প্রস্তুত। টুর্নামেন্টের শেষ ম্যাচে জয় নিয়ে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ তারা। অনিশ্চিত পারফরম্যান্সের জন্য পরিচিত পাকিস্তানকে ঘিরে তাই বাড়তি আগ্রহ সমর্থকদের।

/জেএইচ/