এশিয়ান গেমসে লিটনের প্রথম লক্ষ্য ফাইনাল খেলা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এশিয়ান গেমসে লিটনের প্রথম লক্ষ্য ফাইনাল খেলা
বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস

এশিয়ান গেমসে বাংলাদেশ ছাড়াও টেস্ট খেলুড়ে দেশ আছে চারটি- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তাই এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণ জেতা বাংলাদেশের জন্য সহজ নয়। অধিনায়ক লিটন দাসের লক্ষ্য ফাইনাল খেলা।

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ দল। তার আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলেছেন লিটন।

লিটন বলেন, ‘দেশ ছাড়ার আগে বলেছিলাম যে আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে যাওয়া। স্বর্ণ পাবো কি না, ওটা পরের বিষয়, (আগামীকাল) ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আপাতত ওটার দিকেই মনোযোগ দিচ্ছি।’

এশিয়ান গেমসে এবার মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ ভালো করতে পারেনি। ব্রোঞ্জ ম্যাচেও হেরে যায় পাকিস্তানের কাছে। এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন শুধু উশুতে জেতা একটি ব্রোঞ্জ।

মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দলের অনুশীলন তেমন একটা ভালো হয়নি। ম্যাচ ভেন্যুর অনুশীলন সেশনগুলো ভেসে গেছে বৃষ্টিতে।

বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘দেশে আমরা অনেক অনুশীলন করেছি এবং আমি খেলোয়াড়দের একটা কথাই বলেছিলাম যে, ওখানে (জাপান) গিয়ে (অনুশীলনের) সুযোগ নাও থাকতে পারে...যদি বৃষ্টি থাকে। তাই মানসিকভাবে ওভাবে প্রস্তুতি নিতে হবে। খেলোয়াড়রা ওখান থেকেই (ঢাকা) প্রস্তুতি নিয়েছে এবং মনে হয় তারা খেলার জন্য প্রস্তুত।’

খেলোয়াড়েরা প্রস্তুত থাকলেও আবহাওয়া নিয়ে আছে শঙ্কা। নিশিনে আজও প্রথম (হংকং-পাকিস্তান) ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল (আফগানিস্তান-ভারত) ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

টি-টোয়েন্টিতে র‌্যাংঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ও ভারত। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হলে সেমিফাইনালে পাকিস্তানকে পাবে বাংলাদেশ।

বৃষ্টির আশঙ্কা নিয়ে লিটনের সোজা কথা, ‘(খেলা) না হলে কিছু করার থাকবে না। আগেও বললাম যে বৃষ্টির ওপর কারও নিয়ন্ত্রণ নেই।’

২০১০ সালে গুয়াংজুতে এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম আসরে স্বর্ণ পদক জেতে বাংলাদেশের ছেলেরা। সর্বশেষ দুটি ইভেন্টে (২০১৪ ও ২০২৩) জিতেছে ব্রোঞ্জ।

/টিই/