দেশের হয়ে খেলার জন্য ১০ লাখ ডলারের প্রস্তাব ফেরালেন স্যান্টনার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দেশের হয়ে খেলার জন্য ১০ লাখ ডলারের প্রস্তাব ফেরালেন স্যান্টনার
মিচেল স্যান্টনার

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বড় অঙ্কের অর্থের হাতছানি থাকলেও নিজ দেশ নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ সিরিজগুলোকে বেছে নিয়েছেন মিচেল স্যান্টনার। অ্যাডিলেড স্ট্রাইকার্স ২ বছরের জন্য প্রায় ১০ লাখ ডলারের প্রস্তাব দেয় স্যান্টনারকে। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে সেই প্রস্তাবে রাজি হননি ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক স্যান্টনারের সামনে এখন একের পর এক আন্তর্জাতিক সিরিজ। ২২ অক্টোবর থেকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজ আছে।

আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে চান স্যান্টনার। সুযোগ পেলে দিতে চান নেতৃত্ব।

স্যান্টনারের সিদ্ধান্তকে তার ব্যক্তিত্বের প্রতিফলন হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। নিউজিল্যান্ড হেরাল্ডকে ওয়াল্টার বলেন, ‘আমার কাছে এটা একজন মানুষের চরিত্রের মাপকাঠি। অন্য কাউকে বিচার করার জন্য নয়, তবে মিচের ক্ষেত্রে দলকে সবার আগে রাখার বিষয়টি তার চরিত্রই তুলে ধরে।’

জাতীয় দলের প্রতি স্যান্টনারের এমন অগ্রাধিকার অবশ্য হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। এর আগেই তিনি কেন্দ্রীয় চুক্তি ও নেতৃত্বের দায়িত্ব ধরে রাখার ইচ্ছা জানিয়েছিলেন।

নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সবাই অবশ্য একই পথে হাঁটছেন না। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ ধরে রাখতে ভিন্ন ধরনের চুক্তি বেছে নিয়েছেন ফিন অ্যালেন, টিম সেফার্ট, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান ও অ্যাডাম মিলনের মতো ক্রিকেটাররা।

জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ ধরে রাখার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের কোচ। বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিউজিল্যান্ডের হয়ে খেলার ক্ষুধা ধরে রাখা। তারা দেশের হয়ে খেলতে চায়, প্রতিনিধিত্ব করতে চায় এবং সবসময় ভালোভাবে সেটা করে।’

/টিই/