শিরোনাম

মাঠে নামলেই রেকর্ড গড়বেন রোহিতরা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মাঠে নামলেই রেকর্ড গড়বেন রোহিতরা
মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে রোহিত। ছবি: ফেসবুক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। যৌথভাবে সর্বোচ্চ পাঁচবার এই শিরোপা জিতেছে দলটি। ১৯তম আসরে আজ (রবিবার, ২৯ মার্চ) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। মাঠে নামলেই ইতিহাস গড়বেন রোহিত শর্মারা। প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে তারা ৩০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক গড়বে।

২০০৮ সালে আইপিএল থেকে যাত্রা শুরু করে মুম্বাই। তখন দলের কেন্দ্রে ছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তবে প্রথম শিরোপা জিততে তাদের অপেক্ষা করতে হয়েছে ৫ আসর। ২০১৩ আইপিএলের মাঝপথে রিকি পন্টিং মুম্বাইয়ের অধিনায়কত্ব ছাড়েন। দায়িত্ব নেন রোহিত শর্মা। তার হাত ধরেই ফ্র্যাঞ্চাইজিটির অগ্রযাত্রা শুরু হয়।

জাসপ্রিত বুমরাহর দারুণ বোলিং এবং ফিনিশিংয়ে কাইরন পোলার্ডের বিস্ফোরক ব্যাটিংয়ের দৃশ্যগুলো মুম্বাইয়ের চিরস্মরণীয় স্মৃতি হয়ে আছে।

আইপিএলের বাইরে মুম্বাই তাদের শক্তিমত্তার স্বাক্ষর রেখেছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে। ২০১১ সালে হরভজন সিংয়ের নেতৃত্বে শিরোপা জয় এবং ২০১৩ সালে ঘরোয়া ও আন্তর্জাতিক দুই মঞ্চেই সাফল্য তাদের আরও উচ্চতায় নিয়ে যায়।

২০১৩ সাল থেকে প্রতিটি আসরেই প্রথম ম্যাচ হেরে আসছে মুম্বাই। গত ১৩ বছর ধরে চলা এই অভিশাপ থেকে বেরিয়ে আসতে পারে কি না সেটা ম্যাচ শেষে বলা যাবে।

/টিই/