শিরোনাম

৫ উইকেট নেই বাংলাদেশের, ইনিংস হার এড়াতে পারবে তো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৫ উইকেট নেই বাংলাদেশের, ইনিংস হার এড়াতে পারবে তো
৩১ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত

ম্যাকাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ইনিংস হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া এরই মধ্যে বাংলাদেশের ৫ উইকেট তুলে নিয়েছে।

৩ উইকেট হারিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ দল। লাঞ্চের পরও টিকে ছিল নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিমের জুটি। তবে লায়নের বলে ডাউন দ্য উইকেটে এসে লং অফের ওপর দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন শান্ত। বল গেছে লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার স্টার্কের হাতে।

দলীয় ৫১ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ভাঙে ২৭ রানের জুটি। ৪৬ বলে ৩১ রান করে আউট হন অধিনায়ক শান্ত।

একটু পর ফেরেন লিটন দাসও। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা লিটন এবারও কোনো রান করতে পারেননি। নিজের খেলা দশম বলে ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। প্রথম ইনিংসের মতো এবারও বোলার মিচেল স্টার্ক। ডারউইন টেস্টেও এক ইনিংস ব্যাট করে শূন্য রানে আউট হয়েছিলেন লিটন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬৩ রান। এখনও ৮৩ রানে পিছিয়ে বাংলাদেশ দল। ব্যাট করছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, তাকে সঙ্গ দিতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ।

প্রথম ইনিংসে বাংলাদেশ করে মাত্র ৬৪ রান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়। শরিফুল ইসলাম নেন ৭ উইকেট।

/টিই/