এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ আয়োজনের ঘোষণা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ আয়োজনের ঘোষণা
কেক কেটে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের ট্রফি উন্মোচন করা হয়

আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭-এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর দ্য ওয়েস্টিনে এক অনুষ্ঠানে কেক কেটে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের ট্রফি উন্মোচন করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে টুনামেন্টের আয়োজক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া আরও উপস্থিত এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ এবং গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়াসহ অনেকে।

আয়োজনের প্রশংসা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এমন আয়োজন প্রবাসীদের জন্য দারুণ আয়োজন। যারা আমাদের রেমিট্যান্স পাঠায়, তাদের জন্য এমন আয়োজন তাদেরকে উৎসাহিত করবে।’

তিনি আরও বলেন, ‘৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে সম্পৃক্ত করে এই টুর্নামেন্টের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলাকে কেন্দ্র করে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও দেশের ক্রিকেটারদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হামজা চৌধুরীরা যেমন বাংলাদেশ ফুটবলের ইমেজ সমৃদ্ধ করেছে। আমরা আশা করি, প্রবাসীদের মধ্যে কেউ জাতীয় ক্রিকেট দলে খেলবে এবং ইমেজ বাড়াবে।’

এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, ৪৯৫টি উপজেলায় স্টেডিয়াম তৈরি করা হবে।

এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের বিশাল যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে হবে। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।’

তিনি আরও জানান, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়া ও ফাইনাল ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ফাইনালের গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান অংশ নেবেন বলেও জানান তিনি।

এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোসাররফ জানান, ‘অনেক পরিশ্রমের পর আজকের এই দিনটি এসেছে। বর্তমান সরকার অনেক বেশি ক্রীড়াবান্ধব। ক্রিকেট বোর্ড সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া তিনি বিসিবিকে ধন্যবাদ দেন। ভালোভাবে টুনামেন্ট শেষ করতে আইসিসি ইভেন্ট ম্যানেজারের সঙ্গে আয়োজকদের নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। ভালোমানের ব্রডকাস্টিং আমরা নিশ্চিতে ওটিটি প্লাটফর্ম চালু করা হয়েছে।’

এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭-এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয় ঢাকার একটি পাঁতারকা হোটেলে
এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭-এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয় ঢাকার একটি পাঁতারকা হোটেলে

এ আয়োজনে সংসদ সদস্য সানজিদা ইসলাম ‍তুলি উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘প্রবাসীদের রেমিট্যান্সের ওপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। জুলাই আন্দোলনেও আমরা তাদের অবদান দেখেছি। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা এই আয়োজনের সাথে অবশ্যই থাকবো।’

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার বলেন, ‘বাংলাদেশিদের কাছে ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি আবেগ, ভালোবাসা ও ঐক্যের শক্তিশালী বন্ধন। ক্রিকেটের মাধ্যমে হাজার মাইল দূরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা এবং তাঁদের মধ্যে দেশীয় পরিচয়, গর্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা সম্ভব।’

বাংলাদেশের ওয়ানডের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপিও ছিলেন। তিনি বলেন, ‘৩০টি দেশকে সম্পৃক্ত করে এমন একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। টুর্নামেন্টটি ধারাবাহিকভাবে আয়োজনের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সংশ্লিষ্টরা একসঙ্গে কাজ করতে পারলে এটি একটি ভালো উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম বলেন, ‘৩০টি দেশকে নিয়ে এমন একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের জান্নাতুল সুমনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রফিকুল ইসলাম বাবু, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের উপদেষ্টা আফজাল হোসেন, বেলাল উদ্দিন তুহিন, ক্রিড়া সংগঠক মাসুম ভুঁইয়া, ক্রিড়াবীদ শরিফুল হক শিপন, আন্তর্জাতিক ক্রিড়া সংগঠক রিমন ইসলাম, পিটুপি গ্রুপের চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান।

আয়োজকদের লক্ষ্য, ক্রিকেটকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী জনগোষ্ঠীকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত করা।

প্রথমবারের মতো আয়োজনে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন,মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইতালি, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান ও বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের ক্লাব প্রথম বারের মতো অনুষ্ঠিত এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ এ অংশ নেবে।

এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়া অনুষ্ঠিত হবে।

/টিই/