শিরোনাম

লিডির অলরাউন্ড নৈপুণ্যে নামিবিয়াকে হারালো নেদারল্যান্ডস

সিটিজেন স্পোর্টস ডেস্ক
লিডির অলরাউন্ড নৈপুণ্যে নামিবিয়াকে হারালো নেদারল্যান্ডস
অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হন লিডি। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয় পেলো নেদারল্যান্ডস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিল্লিতে নামিবিয়ার করা ৮ উইকেটে ১৫৬ রানের জবাবে ডাচরা ম্যাচ জিতেছে ৭ উইকেটে, ১২ বল হাতে রেখে। অলরাউন্ড নৈপুণ্যে নেদারল্যান্ডসের জয়ের নায়ক বাস ডি লিডি।

লিডি তিন নম্বরে নেমে ৪৮ বলে ৭২ রানের ইনিংসে অপরাজিত ছিলেন। ইনিংসটিতে ছিল ৫ চার ও ৩ ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এটি তার পঞ্চম ফিফটি, আর এই সংস্করণের বিশ্বকাপে পঞ্চাশ করলেন প্রথমবার। তার আগে ম্যাচে প্রথম ভাগে পেস বোলিংয়ে ৩ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন লিডি।

রান তাড়ায় ডাচরা তৃতীয় ওভারে হারায় উইকেট, বেনার্ড শুলজের বলে ক্যাচ দিয়ে ফেরেন মাক্স ও’দাউদ। ভালো শুরু পাওয়া মাইকেল লেভিটও ইনিংস বড় করতে পারেননি। তিনটি ছক্কা ও একটি চারে ১৫ বলে ২৮ রান করে ফেরেন এই ওপেনার। কলিন আকারম্যান ২৮ বলে ৩২ রান করেন।

আকারম্যান ফিরলে তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি ভাঙে। বাকি পথ পাড়ি দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান লিডি ও এডওয়ার্ডস।

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নামা নামিবিয়ার হয়ে কেউ বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৩৮ বলে ৪২ রান করেন তিনে নামা নিকোল লফটি–ইটন। ওপেনার ইয়ান ফ্রাইলিঙ্ক করেন ২৬ বলে ৩০ রান।

এই জয়ের ফলে ‘এ’ গ্রুপে নেট রানরেটে এগিয়ে থেকে পাকিস্তানকে টপকে দুইয়ে উঠেছে নেদারল্যান্ডস। এই গ্রুপে শীর্ষে আছে ভারত। ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান তিন দলেরই পয়েন্ট সমান দুই পয়েন্ট করে।

/টিই/