শিরোনাম

পুরুষ প্রমাণিত হওয়ায় ২ অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পুরুষ প্রমাণিত হওয়ায় ২ অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা পেয়েছেন কবিতা (ডানে) ও জান্নাত

বাংলাদেশের দুই নারী অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে লিঙ্গসংক্রান্ত বিতর্কের পর তাঁদের জাতীয় প্রতিযোগিতার সব পদক বাতিল এবং আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভায় শনিবার (১৫ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জান্নাত বেগম বাংলাদেশ সেনাবাহিনীর এবং কবিতা রায় বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট। ২৮ বছর বয়সী জান্নাত থ্রো ইভেন্টে এবং ১৯ বছর বয়সী কবিতা স্প্রিন্টে অংশ নেন।

তাঁদের লিঙ্গ নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠিয়েছিল অ্যাথলেটিকস ফেডারেশনের আগের কমিটি। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করে।

মেডিক্যাল বোর্ডের কার্যক্রম গত ১১ মে শেষ হয়। পরে ১৬ মে ফেডারেশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মেডিক্যাল বোর্ডের প্রতিবেদনে জান্নাত ও কবিতার শরীরে নারীদের স্বাভাবিক মাত্রার তুলনায় বেশি টেস্টোস্টেরন পাওয়া যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। জান্নাতের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা ১৯ দশমিক ৬৬ এনমোল/লিটার এবং কবিতার ১৬ দশমিক ৫০ এনমোল/লিটার পাওয়া যায়।

ফেডারেশনের ভাষ্য অনুযায়ী, ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের নিয়মে নারী বিভাগে অংশ নেওয়ার ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে রাখার বিধান রয়েছে।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন বলেন, চিকিৎসক বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী জান্নাত ও কবিতা নারী নন। এ সিদ্ধান্তের ভিত্তিতেই তাঁদের জাতীয় প্রতিযোগিতায় অর্জিত সব পদক বাতিল করা হয়েছে।

ফেডারেশন সূত্রে জানা গেছে, জান্নাতের কয়েকটি স্বর্ণপদকসহ মোট নয়টি পদক রয়েছে। কবিতার রয়েছে প্রায় চারটি পদক। সিদ্ধান্ত অনুযায়ী এসব পদক পরবর্তী সময়ে সংশ্লিষ্ট প্রতিযোগিতার ফলাফলে অন্য অ্যাথলেটদের মধ্যে পুনর্বণ্টন করা হবে।

আলী ইমাম তপন আরও বলেন, দুই অ্যাথলেটকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। নারী হিসেবে তাঁরা আর কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

/এমআর/