শিরোনাম

ইরান ফুটবল দলের ১৪ কর্মকর্তা ভিসা না পাওয়ার কারণ কি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ইরান ফুটবল দলের ১৪ কর্মকর্তা ভিসা না পাওয়ার কারণ কি
ইরান দলের ফুটবলাররা ভিসা পেলেও বঞ্চিত অনেক কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা পেয়েছেন ইরানের ফুটবলাররা। তবে উল্টো দিকও আছে। দলটির ১৪ কর্মকর্তা ও স্টাফ ভিসা পাননি যুক্তরাষ্ট্রের। ১৪ জনকে ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক আচরণের’ অভিযোগ তুলেছে ইরানের ফুটবল ফেডারেশন।

দেশটির ফুটবল ফেডারেশন বলছে, বিশ্বকাপে ইরান দলের ‘বেশ কয়েকজন ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তাকে’ ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।

ভিসা না পাওয়াদের তালিকায় আছেন ইরান ফুটবল ফেডারেশনের মহাসচিব হেদায়েত মোম্বেইনি এবং সহসভাপতি মেহদি মোহাম্মদ নবী। তবে ফেডারেশনের সভাপতি মেহদি তাজের ভিসা হয়েছে কি না, তাও নিশ্চিত নয়। কারণ তাজ ফুটবল ফেডারেশনে যোগ দেওয়ার আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যুক্ত ছিলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আগেই জানিয়েছিলেন, আইআরজিসির সঙ্গে যুক্ত কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্র যেসব কর্মকর্তাকে ভিসা দেওয়া হয়নি, তারা দলের সঙ্গে মেক্সিকোয় যাবেন। গ্রুপ পর্বে ইরানের ৩ ম্যাচই যুক্তরাষ্ট্রে। তবে তারা ক্যাম্প করেছে মেক্সিকোতে।

ইরান ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দলের কিছু সদস্যকে ভিসা না দেওয়ার এই সিদ্ধান্ত ‘কার্যত ইরান জাতীয় দলকে একটি বৈষম্যহীন ও সমান সুযোগের প্রতিযোগিতা থেকে বঞ্চিত করেছে’। ফেডারেশন বিষয়টি ফিফার কাছে উত্থাপন করবে বলেও জানানো হয়েছে।

কিছু আবেদনকারী ‘মিথ্যা অজুহাতে’ ভিসার আবেদন করায় তা বাতিল করা হয়েছে। বিষয়টি নিয়ে জনসমক্ষে কথা বলার অনুমতি না থাকায় কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য দিয়েছেন। এমনটি জানিয়েছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম।

বিশ্বকাপে ‘জি’ গ্রুপে থাকা ইরান ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। অন্য দুটি ম্যাচ ২১ জুন বেলজিয়াম আর ২৬ জুন মিসরের বিপক্ষে।

/এসবি/