সালমান মুক্তাদিরের উচিত বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার করা: সোহেল তাজ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সালমান মুক্তাদিরের উচিত বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার করা: সোহেল তাজ
সালমান মুক্তাদির ও সোহেল তাজ। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর এ বিষয়ে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দুটি ফটোকার্ড শেয়ার করেছেন তিনি।

ক্যাপশনে সোহেল তাজ লেখেন, ‘কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুরের ঘটনার পর ৪ দিন পার হয়ে গেলো। এরই মধ্যে আমরা জানতে পারলাম যে এই ঘটনা ঘটেছে সেখানকার জমি বিরোধকে কেন্দ্র করে। যাই হোক, যে কারণেই হয়ে থাকুক আমি এখনো আগের ন্যায় একইভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সেইসঙ্গে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। কিন্তু তার পাশাপাশি আমি মনে করি সালমান মুক্তাদিরের উচিত হবে বিএনপির মত একটি বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে যে ঢালাওভাবে চাঁদাবাজির অভিযোগ তিনি করেছেন, সেটা প্রত্যাহার করে নেওয়া।’

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওইদিন রাতেই তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে স্টুডিও দেখিয়ে সালমান বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছি। পুরো অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘ভিডিওটা শুধু খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’

পরে সালমান মুক্তাদির বলেন, ‘যারা অ্যাটাক করছে, তারা হয়তো জানত না যে, এটা আমার জায়গা। বাট আমি পড়ছি অ্যাজ আ নরমাল সিটিজেন হিসেবে। আমাদের এখানকার যে ল্যান্ডওনার, তিনি হয়তো খুব সম্ভবত আওয়ামী লীগ। উনার সঙ্গে চাঁদাবাজি নিয়ে কোনো একটা কিছু হইছে যে, চাঁদা চেয়েছে বা সামথিং। তো তাদের রিভেঞ্জ থেকে মাঝখানে আমাদের মানুষজন পড়ে গেছে। উনার প্রপার্টি ড্যামেজ করতে গিয়ে আমার প্রপার্টি এখানে মাঝখানে পড়েছে।’

ভিডিওতে তিনি আরও বলেন, আমার কাছে কেউ চাঁদা চাইনি, তবে চাইলে দিতাম।

সহকর্মীদের উদ্দেশে মুক্তাদির বলেন, ‘এই অফিসের খেটে খাওয়া মানুষগুলো কান্না করছে।’ তাদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, ‘আমি এর থেকে বড় কিছু করব। তোমরা চিন্তা করো না।’

পরদিন রবিবার (২৭ সেপ্টেম্বর) সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ। সালমান নিজেই বলেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। চাঁদা চাইলে তিনি দিতেন। তাই সুনির্দিষ্টভাবে কার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে, তা এখনো চিহ্নিত করা যায়নি। সালমান সুনির্দিষ্ট অভিযোগে মামলা করলে তা তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

/জেএইচ/