পূজায় মুখর মণ্ডপ, আজও মহাসপ্তমী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পূজায় মুখর মণ্ডপ, আজও মহাসপ্তমী
ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার গুরুত্বপূর্ণ দিন মহাসপ্তমী আজ। ষষ্ঠীর মধ্য দিয়ে দেবীর বোধন ও পূজার আনুষ্ঠানিকতা শুরুর পর সপ্তমীতে বিশেষ পূজা, অঞ্জলি ও আরাধনায় মেতে উঠেছে ভক্তরা।

পঞ্জিকা অনুযায়ী, এবার সপ্তমী তিথি দুই দিনব্যাপী বিস্তৃত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শুরু হওয়া এই তিথি রবিবার (১৮ অক্টোবর) বিকেল পর্যন্ত থাকবে। তিথির এই বিস্তৃতির কারণে দুই দিনের সূর্যোদয়েই সপ্তমী পড়েছে। তবে পূজার নির্ধারিত আচার-অনুষ্ঠান পঞ্জিকার নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে।

শাস্ত্রীয় বিধান মতে, মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী দুর্গার পূজা করা হয়। আসন, বস্ত্র, স্নান, পুষ্পমাল্য, চন্দন, ধূপ, দীপ ও নৈবেদ্যসহ বিভিন্ন উপকরণ দিয়ে দেবীর আরাধনা করেন পূজারিরা। পাশাপাশি মন্ত্রপাঠ, দেবীদর্শন, অঞ্জলি ও প্রসাদ বিতরণের আয়োজন থাকে।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে সপ্তমীর বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। চণ্ডীপাঠ ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলছে পূজার আনুষ্ঠানিকতা। ভক্তরা দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দিয়ে দেশ, জাতি ও পরিবারের মঙ্গল কামনা করছেন।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার প্রতীক। ভক্তদের বিশ্বাস দেবীর আরাধনায় দুঃখ-কষ্ট ও বাধাবিপত্তি দূর হয় এবং জীবনে শান্তি ও কল্যাণ আসে। মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হলেও ষষ্ঠী থেকে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

দুর্গাপূজার পরবর্তী গুরুত্বপূর্ণ দিন মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গার গমন নৌকায়।

/এসবি/