২০৩০ সালে একই বছরে দুইবার রমজান পালন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান পালন
প্রতীকী ছবি

২০৩০ সালে এক বিরল মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করবে বিশ্ব। এ কারণে একই গ্রেগরিয়ান বর্ষে দুইবার রমজান মাস পড়বে।

জ্যোতির্বিজ্ঞানী ও ইসলামি পণ্ডিতগণ ইসলামি চন্দ্র পঞ্জিকা এবং গ্রেগরিয়ান পঞ্জিকার মধ্যকার পার্থক্যকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেণ। এর ফলে একই বছরের জানুয়ারি ও ডিসেম্বর মাসে বিশ্বজুড়ে মুসলমানদের দুইবার রোজা পালনের বিরল পরিস্থিতি তৈরি হবে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে ২০৩০ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। ওই বছর ৫ জানুয়ারি রমাজন শুরু হতে পারে। এটি হবে ১৪৫১ হিজরি সালের রমজান। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর শুরু হবে ১৪৫২ হিজরি সালের রমজান। ফলে একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান পালন করতে হবে মুসলমানদের।

বিজ্ঞানী, জ্যোতির্বিদ ও ইসলামি পণ্ডিতরা জানান, গ্রেগরিয়ান ক্যালেন্ডার পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণের ওপর ভিত্তি করে তৈরি। অন্যদিকে ইসলামী ক্যালেন্ডার চন্দ্রের ঘূর্ণায়নের ওপর নির্ভরশীল। একটি চান্দ্র বছর ৩৫৪ দিনের। আর সৌরবছর ৩৬৫ দিনে। ফলে এটি সৌর বছরের তুলনায় প্রায় ১১ দিন ছোট। তাই প্রতি বছর রমজান মাসের শুরু এগিয়ে আসে।

এজন্য দুই রমজান মিলিয়ে ২০৩০ সালে মোট ৩৬ দিন রোজা পালন হতে পারে। এর মধ্যে জানুয়ারি মাসে ৩০ দিন রোজা রাখতে হবে। আর ডিসেম্বরের শেষদিকে দ্বিতীয় রমজান শুরু হবে। ওই মাসে ৬ দিন রোজা রাখার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ১৯৯৭ সালে একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান পড়েছিল। ২০৩০ সালের পর আবার ২০৬৩ সালেও এমন ঘটনা ঘটবে।

ইসলামে মৌলিক পাঁচ স্তম্ভের মধ্যে একটি হলো রোজা। রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। তবে বছরের কোন সময়ে রমজান পড়ছে, তার ওপর রোজার সময়ের দৈর্ঘ্যও অনেকটা নির্ভর করে। সাধারণত শীতকালে রোজার সময় তুলনামূলক কম হয়। কিন্তু গ্রীষ্মে বিশ্বের কিছু অঞ্চলে তা ১৭ ঘণ্টারও বেশি হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের মাধ্যমে রমজান শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করা যায়। তবে এর আনুষ্ঠানিক শুরু চাঁদ দেখার ওপর নির্ভর করে। অনেক মুসলিম দেশ চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর তারিখ নির্ধারণ করে। আবার কিছু দেশ বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে তারিখ নির্ধারণ করে।

সূত্র: গালফ নিউজ

/জেএইচ/