১৩২ বলে ০ রানে অপরাজিত থেকে ম্যাচের নায়ক ফিল্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
১৩২ বলে ০ রানে অপরাজিত থেকে ম্যাচের নায়ক ফিল্ড
ম্যাক্স ফিল্ড

ক্রিকেট যে শুধু রান করার খেলা নয়, কখনো কখনো উইকেট আঁকড়ে পড়ে থাকাও বড় কৃতিত্ব, সেটিই যেন মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ব্যাটার ম্যাক্স ফিল্ড। ১৩২ বল খেলে কোনো রান করেননি।

এই ‘শূন্যের’ কারণে তিনিই ম্যাচের নায়ক! অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লর্ন পার্কে দ্বিতীয় গ্রেডের জেলা ক্রিকেটে ২ দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্দার্ন সাবআর্বস ও ইস্টার্ন সাবআর্বস। ম্যাচের শেষ দিকে দলের বিপদ সামাল দিয়ে ক্রিজে অবিচল থাকার দায়িত্ব নেন ইস্টার্নের ওপেনার ফিল্ড।

প্রতিপক্ষের বোলারদের লক্ষ্য ছিল উইকেট নিয়ে জয় নিশ্চিত করা। আর ফিল্ডের লক্ষ্য যতক্ষণ সম্ভব উইকেট আগলে রাখা।

রান করার চেয়ে উইকেট বাঁচানোই হয়ে উঠেছিল ফিল্ডের কাছে বড় চ্যালেঞ্জ। ফিল্ডের এই ধৈর্যশীল ব্যাটিংয়ে ম্যাচটি ড্র হয়েছে।

আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৪৫৪ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল নর্দার্ন। এরপর ইস্টার্ন তাদের প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ফিল্ডের দৃঢ়তায় ইস্টার্ন ৪৬ ওভারে ৬৬ রান তোলার পর দুই অধিনায়ক ড্র মেনে নেন।

ম্যাক্স ফিল্ডের মহাকাব্যিক শূন্য রানের ইনিংস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তাকে ‘টেস্ট ক্রিকেটের আসল নায়ক’ আখ্যা দেওয়া হচ্ছে।

/টিই/