ইশরাকের সংবাদ সম্মেলনে বিশৃঙ্খলা-হট্টগোল, আইফোন চুরি, সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ইশরাকের সংবাদ সম্মেলনে বিশৃঙ্খলা-হট্টগোল, আইফোন চুরি, সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি
প্রেস ক্লাবে ইশরাক হোসেন। তাবে ঘিরে সাংবাদিকদের ভিড়। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনকে ঘিরে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সংবাদ সম্মেলন শুরু করতে বাধ্য হন ইশরাক। এ সময় দৈনিক যুগান্তরের এক মাল্টিমিডিয়া রিপোর্টারের আইফোন চুরির ঘটনাও ঘটে।

সোমবার (১৯ অক্টোবর) নির্ধারিত সময় দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে উপস্থিত হন ইশরাক হোসেন। এ সময় তার সঙ্গে প্রায় দুই শতাধিক নেতাকর্মী ছিলেন। তাদের নিয়ে হলে ঢোকার পরপরই অতিরিক্ত উপস্থিতিকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সাংবাদিকদের স্বাভাবিক সংবাদ সংগ্রহের পরিবেশ ব্যাহত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য শুরু করার আগেই ইশরাক হোসেন দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ‘মোবাইল সাংবাদিকদের’ কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন। তার এ বক্তব্যকে কেন্দ্র করে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। শুরু হয় তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোল। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত সাংবাদিকদের সামনেই সংবাদ সম্মেলন শুরু করেন ইশরাক। তবে পুরো আয়োজনজুড়েই বিশৃঙ্খল পরিস্থিতির প্রভাব পড়ে। অতিরিক্ত ভিড়ের মধ্যে জাতীয় প্রেস ক্লাবে মোবাইল ফোন চুরির ঘটনাও ঘটেছে। হট্টগোলের একপর্যায়ে দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টারের ব্যবহৃত একটি আইফোন খোয়া যায়।

গণমাধ্যমে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ ইশরাকের

সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরে ইশরাক হোসেন বলেন, গত কয়েক দিনের ঘটনা নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে কিছু সত্য তথ্যের পাশাপাশি অনেক অতিরঞ্জিত বিষয় প্রচার করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানিয়ে হেয় করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এতে তার দলও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে, এমনটাই বলেছেন এই সংসদ সদস্য।

বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইশরাক। পরে সংবাদ সম্মেলন শেষ করে নিচে নেমে আসেন তিনি। সেখানে দলীয় নেতাকর্মীদের ভিড়ের মধ্যে গাড়িতে উঠে আবারও তাদের উদ্দেশে বক্তব্য দেন। পরে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে জাতীয় প্রেস ক্লাব এলাকা ছাড়েন তিনি। এ সময় নেতাকর্মীদের স্লোগানে প্রেস ক্লাব এলাকায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়।

এর আগে সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ইশরাক হোসেন জানান, দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এসে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত ও সাম্প্রতিক ঘটনার ব্যাখ্যা দেবেন তিনি।

নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় তাকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। এ ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে। শুরুতে পদত্যাগের নির্দেশ পাওয়ার খবর সঠিক নয় বলে দাবি করলেও পরে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন ইশরাক।

/আরএ/