শিরোনাম

লাভের গুড় পিঁপড়ায় খাবে, সতর্ক করলেন সোহেল রানা

বিনোদন ডেস্ক
লাভের গুড় পিঁপড়ায় খাবে, সতর্ক করলেন সোহেল রানা
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অভিনেতা সোহেল রানা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নবগঠিত সরকারের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে জনমনে আশার সঞ্চার দেখা গেছে। তবে কিছু মন্ত্রীর অপ্রাসঙ্গিক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে নতুন দায়িত্ব পাওয়া কয়েকজন মন্ত্রীর ‘অতিকথন’ ও দাপ্তরিক এখতিয়ারের বাইরে দেওয়া বক্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে আশঙ্কা সচেতন নাগরিকদের।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নাগরিকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন জানাচ্ছেন এবং মন্ত্রীদের আচরণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দিচ্ছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে কিছু মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

পোস্টে সোহেল রানা লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, গত তিন দিনে দেশের সরকার প্রধান হিসেবে বাংলাদেশের জনসাধারণ অত্যন্ত আনন্দ এবং আশার সঙ্গে গ্রহণ করেছে আপনাকে। কিন্তু কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন। কোনো বিশেষ সংবাদ ব্যতিরেকে তাদের প্রেসের সম্মুখে এসে টিভি এবং প্রিন্ট মিডিয়ায় চেহারা দেখানোর কোনো প্রয়োজন নেই। ডিপার্টমেন্টের কোনো সংবাদ ওই ডিপার্টমেন্টের কোনো মুখপাত্র দিলেই চলবে। বিশেষ প্রয়োজনে তাদের আসার প্রয়োজন হলে আপনার সঙ্গে কথা বলে তাদের প্রেসের সম্মুখে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।

তিনি আরও লেখেন, ‘হপ স্টেপ জাম্প’ করে নতুন যারা কর্মী থেকে এমপি এবং এমপি থেকে মিনিস্টার হয়েছেন তারা কয়েকজন ভুলে গেছেন, এই মুহূর্তে তারা রাজনৈতিক দলের নেতা হিসেবে মানুষের সামনে বক্তব্য পেশ করছেন না। তাদের কিছু টালমাটাল বক্তব্য দলের ওপর এবং আপনার ওপরও বর্তাবে। কেউ কেউ তো নিজের দপ্তরের বাইরে জিহাদ ঘোষণা করছেন। এখন থেকে লাগাম টেনে না ধরলে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে। আপনাকে আবারও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

/জেএইচ/