আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় আজও বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে সড়কসংলগ্ন অধিকাংশ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া থানা পুলিশ ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর কর্মকর্তারা জানান, সকাল থেকেই শ্রমিকেরা ন্যূনতম মজুরি বৃদ্ধি, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে কারখানা থেকে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

/জেএইচ/