শিরোনাম

কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হলো হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হলো হাসপাতালে
ডা. দীপু মনি

মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়া সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে ডা. দীপু মনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, দীপু মনি আগে থেকেই কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত। প্রায়ই চেকআপ ও চিকিৎসা করতে হয়। রবিবার (২৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তিনি কিছুটা অসুস্থতাবোধ করলে আমরা তাকে সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেই। পরে চিকিৎসকরা ঢাকায় পাঠান।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরিফুজ্জামান জানান, আমাদের এখানে আনার পর চিকিৎসকরা মনে করেছেন তার আরেকটু ভালো চিকিৎসা দরকার। তাই আমরা ঢাকায় পাঠিয়েছি। তবে তার অবস্থা অতটা ক্রিটিকাল নয়।

দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু জানান, কারা কর্তৃপক্ষের নির্দেশে ডা. দীপু মনিকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দীপু মনি অসুস্থ বোধ করায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে মেডিসিন বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগে দলটির নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান। অনেকে গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দীপু মনিও।

/এফসি/