গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী
বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার নিজের ইচ্ছায় দেশে ফেরা বা সাধারণ প্রক্রিয়ায় প্রত্যাবর্তনের সুযোগ নেই।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রত্যর্পণ ও প্রত্যাবর্তন এক বিষয় নয়। কারও বিরুদ্ধে মামলা না থাকলে নিজ দেশে ফিরে আসাকে প্রত্যাবর্তন বলা হয়। অন্যদিকে, প্রত্যর্পণ একটি আইনি প্রক্রিয়া, যার সঙ্গে অপরাধের শাস্তি ও দুই দেশের মধ্যে চুক্তির বিষয় জড়িত। সাঈদ, মুগ্ধসহ হাজারো ছাত্র-জনতার রক্তে যার হাত রঞ্জিত, তাকে ফুল দিয়ে বরণ করার কথা ভাবা যায় না। আইন অনুযায়ী দেশে ফিরিয়ে এনে তাকে আদালতের মুখোমুখি করতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো রাজনৈতিক কারণে দেশ ছাড়েননি; বরং ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে পালিয়ে গেছেন। তার পাসপোর্টের বৈধতা থাকুক বা না থাকুক, ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন নারী এত রক্ত ঝরিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন। অথচ তাদের কথা শুনে মনে হচ্ছে, সেই নারীকে গিয়ে নিয়ে আসতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের মানুষের লড়াইয়ে মূল অনুপ্রেরণা জুগিয়েছিল ৭ নভেম্বরের বিপ্লব। এই বিপ্লব থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা পেয়েছে জনগণ।

দেশের সামাজিক অসংগতির কথা তুলে ধরে রিজভী বলেন, নানা কৌশলে গোপনে বাল্যবিবাহ চলছে। এর বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীদের অবদানের কথা স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনে সংগঠনটির নেত্রীরা সাহস ও ত্যাগের পরিচয় দিয়েছেন। পুলিশি বাধা ও নির্যাতন সহ্য করেও তারা রাজপথে লড়াই করেছেন। তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য গণতন্ত্রের ধারা রক্ষা ও নারীর ক্ষমতায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সঞ্চালনা করেন। এতে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

/এমআর/