শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চলছে: রিজভী
মহিলা দলের সমাবেশে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা এবং হারানো ক্ষমতা ফিরিয়ে দেওয়ার উদ্দেশে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে। কিন্তু এটি এত সহজ নয়। দলমত নির্বিশেষে স্বৈরাচারের পতন হয়েছে এবং সেই রাজত্ব আর ফিরে আসতে পারে না।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ মিছিলপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতন হয়েছে। এখন হারানো ক্ষমতা ও রাজত্ব ফিরে পাওয়ার জন্য তারা বেআইনি ও সন্ত্রাসী পন্থা অবলম্বন করতে চাইছে। কয়েক দিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ছোট শিশু, গাড়িচালক, বাসের কর্মী, দিনমজুর ও রিকশাচালকদের ঝুঁকির মধ্যে ফেলে বাসে আগুন দেওয়া হচ্ছে। বাসে বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

তিনি বলেন, সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের নয়-এমন একটি টেলিফোন নম্বর থেকে বাংলাদেশে অবস্থানরত ব্যক্তিদের ফোন করে বোমার ডিভাইসের ছবি পাঠাতে বলা হচ্ছে। ছবি পাঠানোর পর তাদের টাকা দেওয়ার কথাও বলা হচ্ছে। তাহলে এটা একটা বড় ধরনের পরিকল্পনা, অশুভ চক্রান্ত। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি অস্থিতিশীল করে আবার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র-এই তিনটিকে বিনষ্ট করতে চায়। এই চক্রান্ত অত্যন্ত গভীর।

তিনি বলেন, শেখ হাসিনাকে পুনর্বাসন করে পরবর্তী সময়ে আবার সেই ‘ফ্যাসিবাদের দেহে’ আগের রাজত্ব ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু এটি এত সহজ নয়। দলমত নির্বিশেষে স্বৈরাচারের পতন হয়েছে এবং সেই রাজত্ব আর ফিরে আসতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, যে অত্যাচার, নিপীড়ন ও শাসনব্যবস্থার কারণে বাংলাদেশে রক্তের স্রোত বয়ে গেছে, সেই রাজত্ব ফিরিয়ে আনার চেষ্টা সফল হতে দেওয়া হবে না। শেখ হাসিনা লাখ লাখ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা শেখ হাসিনাকে চাই, কিন্তু পার্শ্ববর্তী দেশ তাকে ফিরিয়ে দিতে চায় না।

তিনি বলেন, শেখ হাসিনার বিচার হবে এবং আদালতের দেওয়া রায় অনুযায়ী তাকে সাজা ভোগ করতে হবে। যেকোনো দিন তিনি বিচারের মুখোমুখি হয়ে দেশে ফিরবেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাংলাদেশে সন্ত্রাস সৃষ্টি করে কোনো লাভ হবে না। কারণ এটি কোনো ফ্যাসিবাদী সরকার নয়, এটি নির্বাচিত সরকার। এটি শেখ হাসিনার মতো ‘আমি আর আমার’ নির্বাচনের সরকার নয়, কিংবা ‘মিডনাইট নির্বাচনের’ সরকারও নয়। এটি জনগণের আস্থা ও গণঅভ্যুত্থানের সরকার। এ কারণেই চক্রান্ত, বাসে আগুন, ট্রেনে আগুন এবং বাড়িঘরে আগুন দিয়ে কুৎসিত পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

/এসবি/