রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৮০

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৮০
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে শুধু মিরপুরেই ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন থানায় ৩৯টি মামলা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত অন্যদের মধ্যে রমনা বিভাগ ২৪, লালবাগ বিভাগ ৭৮, ওয়ারী বিভাগ ৭৪, মতিঝিল বিভাগ ৪৯, তেজগাঁও বিভাগ ৭৮, গুলশান বিভাগ ২৭, উত্তরা বিভাগ ২৫ এবং গোয়েন্দা বিভাগে ছয় জন রয়েছেন।

অভিযানকালে দুইটি ছুরি, দুইটি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুইটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, গতকাল রবিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

/এফআর/