শিরোনাম

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামিসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে, নির্বাচনের পর গত দুই দিনে দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩ জন। এছাড়া তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। সংস্থাটির নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বলেন, নির্বাচন-পরবর্তী দুই দিনে ৩০টি জেলায় সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক নিহত হন। আর ময়মনসিংহে নিহত হয় একটি শিশু। এছাড়া নোয়াখালীতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নির্বাচন-পরবর্তী হামলা-সহিংসতার পাশাপাশি ভোট কারচুপির অভিযোগও তুলেছে ১১ দলীয় জোট। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০টি আসনের ফলাফল চ্যালেঞ্জ করে তারা আইনি লড়াইয়ে নামবে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে জয় পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। আর বিএনপির নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২টি আসন।

শরিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন লাভ করেছে। জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন।

/জেএইচ/