শিরোনাম

জামায়াত আ. লীগকে ফেরাতে চক্রান্ত করছে: রাশেদ খাঁন

কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়া সংবাদদাতা
 জামায়াত আ. লীগকে ফেরাতে চক্রান্ত করছে: রাশেদ খাঁন
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগ ফিরে আসবে কি না, তা অনেকটা জামায়াতের ভূমিকার ওপর নির্ভর করছে। জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। আন্তর্জাতিকভাবেও এর স্বীকৃতি রয়েছে। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে। সুতরাং আওয়ামী লীগের অধ্যায় ক্লোজ হয়ে গেছে। নতুন করে বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার সুযোগ নেই। তবে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার চেষ্টা চালাচ্ছেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী বা ১১ দলীয় জোট জ্বালানি সংকটকে পুঁজি করে লংমার্চ করছে। জ্বালানি সংকট একটি জাতীয় সংকট। এ ধরনের কর্মসূচির কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আপনারা সরকারকে সহযোগিতা করুন। আপনারা যদি এভাবে লংমার্চ করেন এবং রাষ্ট্রকে অশান্ত করেন, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ পাবে। রাষ্ট্র অশান্ত হলে আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি হতে পারে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, শেখ হাসিনা অপেক্ষা করছেন, জামায়াত কতদিনে ও কত সময়ে রাষ্ট্রকে অশান্ত করে। আওয়ামী লীগ ফিরে আসবে কি না, তা অনেকটা জামায়াতের ভূমিকার ওপর নির্ভর করছে। জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে।

তিনি বলেন, শহীদ আবরার ফাহাদের চেতনায় বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে। শেখ হাসিনা ও শহীদ হাদী হত্যা মামলার আসামিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে অবস্থান পরিবর্তন না করলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না। বিএনপি সরকার ভারতের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক গড়ে তুলতে চায়।

এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/এসবি/