শিরোনাম

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত

সিটিজেন ডেস্ক
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত

বাংলাদেশে আওয়ামী লীগকে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দলটির রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই।

সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, যে দলের শীর্ষ নেতারা লাখ লাখ নেতাকর্মীকে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যায়, সেই দলের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দেশের রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, তবে আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ।

দেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার বৈষম্যের সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিলেও প্রভাবশালী ব্যক্তিরা বিদেশে চিকিৎসা নেন এবং নিজেদের সন্তানদের বিদেশে পড়াশোনা করান। এই বৈষম্যমূলক অবস্থা থেকে বেরিয়ে এসে দেশ পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

যুব সমাজের কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে এনসিপির এই নেতা বলেন, “আমরা বেকারমুক্ত বাংলাদেশ চাই। যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। সরকারি ও বেসরকারি খাতে মেধাবীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

তিনি এসএমই খাতকে আরও শক্তিশালী করার পাশাপাশি আগামী বাজেটে যুববান্ধব পরিকল্পনা অন্তর্ভুক্ত করারও দাবি জানান।

শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হাসনাত বলেন, এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশমুখী হতে না হয়।

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, পদোন্নতির আশায় কিছু পুলিশ সদস্য বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করে থাকে। প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের কারণেও এখনো মানুষকে গ্রেপ্তার হতে হচ্ছে, যা কাম্য নয়।

চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা উল্লেখ করে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। তারা যুব সমাজকে ধ্বংস করছে। পুলিশ ও মাদক কারবারিদের মধ্যে কোনো ধরনের যোগসাজশ থাকা চলবে না। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

জাতীয় যুবশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারের সঞ্চালনায় আয়োজিত পথসভায় আরও বক্তব্য দেন জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির মুখ্য সমন্বয়ক নাভীদ নওরোজ শাহ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ, এনসিপি নেতা মাসুমুল কাউছার, জাতীয় যুব শক্তির চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয়ক জাহিদুল তালুকদার, মো. হানিফ পাটোয়ারী ও আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

/এমআর/