শিরোনাম

সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংসদে রুমিন ফারহানার বক্তব্যের 
প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপি স্থানীয় সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল বের করে।

জাতীয় সংসদের অধিবেশনে বিএনপি সরকারের সমালোচনা করে সম্প্রতি সংসদ সদস্য রুমিন ফারহানা বক্তব্য দিয়েছেন। তার দেওয়া ওই বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি।

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ মিছিল বের করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শনিবার বিকেলে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয়। পরে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আবার উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সভা হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জ্বালানি সংকটের অজুহাতে দেখিয়ে রুমিন ফারহানা 'অসংসদীয় ভাষায়' বিএনপি সরকারের সমালোচনা করেছেন। তার এ বক্তব্য আশুগঞ্জ উপজেলা বিএনপি 'ঘৃণাভরে প্রত্যাখান করছে'। বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জের মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ। এতে জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, 'প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সংকট হবে না, সারে যারা গরিব কৃষক আছেন তারা সার কারখানায় গিয়ে সেটা লুট করবেন না, সেটাও হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না।'

এর আগে গত ২৭ আগস্ট গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে সংসদে রুমিন ফারহানা বলেন, 'গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে দুষ্টু লোকেরা বলে, ভালো লোকেরা অবশ্য বলে না—টুকু আসে, টুকু যায়। এই আসে, এই যায়; কতক্ষণ থাকে, তারা নাকি বুঝতে পারে না।'

/বিবি/