শিরোনাম

আজ থেকে আমি চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
আজ থেকে আমি চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমাকে তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে, আমি কথা বলি নাকি এজন্য। আমি আজ থেকে আর কোনো কথা বলবো না। চুপ থাকবো।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘পুরো বাংলাদেশে দেখি উনারা (ক্ষমতাসীন দল) কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখবো।’

তিনি আরও বলেন, ‘হবিগঞ্জের ঘটনায় আমরা গতকাল রাতে মামলা করেছি। ওই ঘটনায় যারা ভিডিওতে ছিল, যাদের হাত ভেঙে দেয়া হয়েছে, অনেকের চোখ তোলা হয়েছে; যারা এটা করেছে– তা স্পষ্ট ভিডিও ফুটেজে আছে। সেখানে আবার কিছু কারেকশন আসছে। কারণ একজন ব্যক্তির ওইখানে নাম আছে, যার নামটা ওখানে ভিডিওতে ছিল না।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, একজন ইন্টারের ছেলে– যে কাউকে কখনো মারতে যায় নাই, তার বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী, এখন অপারেশন থিয়েটারে আছে। আপনি (প্রধানমন্ত্রী) কি পারবেন তার চোখটা ফেরত দিতে? আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতার রাজনীতি দেখতে চাই না। আমরা এতটুকুই বলবো, প্রিয় তারেক রহমান আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাবো। কিন্তু আমাদের আলিফের চোখটা ফেরত চাই।’

সারজিস আলমের গাড়িতে হামলার প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ‘আজকে সারজিসের গাড়িতে হামলা হয়েছে। সিলেটে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা ছিল। এরপরও সারজিস আলমের গাড়িতে হামলা হলো কেন?’

দেশে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জাতীয় ছাত্রশক্তির কুড়িগ্রাম জেলার আহ্বায়কের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে রক্তাক্ত হামলার ঘটনা ঘটছে। সারা দেশে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। তবে আমরা বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব দেখতে চাই না।’

/এফআর/