শিরোনাম

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ছবি:সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।

আজ সোমবার (১১ মে) জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানিয়েছেন।

গত বছরের ১ জুন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ার রায় ঘোষণা করেন।

রায়ে সর্বোচ্চ আদালত বলেন, জামায়াতে ইসলামীর ‘পেন্ডিং রেজিস্ট্রেশন’ ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন (ইসি)। পরে নির্বাচন কমিশন জামায়াতকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেয়।

আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

পরে হাইকোর্টেরেএই রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে শুনানিতে মূল আইনজীবী উপস্থিত না থাকায় তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ তাদের আপিল খারিজের আদেশ দেন। ফলে হাইকোর্টের রায় বহাল থাকে।

এরপর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল পুনরুজ্জীবনের আবেদন করা হয়। আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, আপিলটি পূর্বে ‘ডিসমিসড ফর ডিফল্ট’ হয়েছিল। পরে ২০২৪ সালের ২২ অক্টোবর পুনরুজ্জীবনের আবেদন মঞ্জুর হলে মেরিট অনুযায়ী আবার আপিল শুনানি শুরু হয়।

/বিবি/