ককটেল ফাটিয়ে, বাসে আগুন দিয়ে সরকারে সংকট তৈরি সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ককটেল ফাটিয়ে, বাসে আগুন দিয়ে সরকারে সংকট তৈরি সম্ভব নয়: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান

রাজধানীতে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটলেও তা দিয়ে সরকারের মধ্যে বড় ধরনের সংকট তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, রাজনৈতিকভাবে কোনো পক্ষকে নির্দিষ্ট করে না বললেও ঢাকার বিভিন্ন এলাকায় দু-একটি ককটেল বিস্ফোরণ কিংবা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। তবে এ ধরনের বিচ্ছিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের ভেতরে সংকট তৈরি হবে—এমনটা তিনি মনে করেন না।

তিনি বলেন, সরকার কোনো রাজনৈতিক সংকট দেখছে না। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবে—এই বাস্তবতা মেনেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

ভারতের আন্দোলনের প্রসঙ্গ

নিজের বক্তব্যের ব্যাখ্যায় সম্প্রতি ভারতে হওয়া বিভিন্ন আন্দোলনের উদাহরণও তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

তিনি বলেন, ভারতে ককরোচ জনতা পার্টির বড় আন্দোলন হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের সময় দিল্লি কার্যত অচল হয়ে পড়েছিল। কিন্তু এসব আন্দোলনের ক্ষেত্রে সরকারের পদত্যাগের দাবি তোলা হয়নি।

জাহেদ উর রহমানের মতে, সরকারের কোনো জায়গায় ব্যর্থতা থাকলে সেখানে চাপ সৃষ্টি করা যেতে পারে। তবে সেই ব্যর্থতার জায়গা চিহ্নিত করে চাপ তৈরি করাই কার্যকর পদ্ধতি বলে তিনি মনে করেন।

সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।

/আরএ/