শেখ হাসিনার পাসপোর্ট আবেদনে যা লেখা হয়েছে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
শেখ হাসিনার পাসপোর্ট আবেদনে যা লেখা হয়েছে
শেখ হাসিনা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান– আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে লন্ডনের একদল আইনজীবীর মারফত এ আবেদন জমা দেওয়া হয়।

বার্তাসংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ২০২৪ সালে দেশত্যাগের পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম দাপ্তরিক যোগাযোগ।

শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান।

সোমবার শেখ হাসিনার সহযোগীরা জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হলে তার দেশে ফেরার তারিখ জানানো হবে।

লন্ডনভিত্তিক ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন।

ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওয়েলস চিঠিতে লিখেছেন, ‘আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মহামান্য শেখ হাসিনার আইনি পরামর্শক হিসেবে এই চিঠি লিখছি।’

ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক তার (শেখ হাসিনা) বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের খবর বিবেচনায় নিয়ে, আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।’

চিঠিতে লেখা হয়েছে, ‘আমাদের এই অনুরোধটি তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে করা হয়েছে, যা বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি থেকে উদ্ভূত যে কোনো প্রযোজ্য বাধ্যবাধকতার সাথে সঙ্গতিপূর্ণ।’

স্টিভেন পাওয়েলস আরও লিখেছেন, ‘হাইকমিশন যদি বিষয়টি খতিয়ে দেখে এবং এই আবেদনগুলো দ্রুত প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্রের বিষয়ে আমাদের অবহিত করে, তবে আমরা কৃতজ্ঞ থাকব।’

তবে এ বিষয়ে দিল্লির ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স।

/এফসি/