শিরোনাম

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ

সাভার সংবাদদাতা
সাভার সংবাদদাতা
এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ
(বামে) বিস্ফোরণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিবাদী মিছিল।

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সমাবেশস্থল ধুলোয় ঢেকে যায়। অনেকেই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ (1)
বিস্ফোরণের পর সমাবেশস্থল ধুলোয় ঢেকে যায়।

ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য প্রদানকালে এ বিস্ফোরণ ঘটানো হয়। এসময় সমাবেশমঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে, এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিবাদী মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

প্রসঙ্গত, জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে ‘জুলাই পদযাত্রা’। কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়। সেখানে অনুষ্ঠান শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাভারে আসেন। পদযাত্রা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ।

/এফআর/