ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

বিমানবন্দরে যাত্রী হয়রানি ও কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে আওয়াজ তুলে মেজর (অব.) আখতারুজ্জামান বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠস্বরে পরিণত হয়েছেন। এমন দাবি করে তাকে গ্রেপ্তার ও অপমান করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রবিবার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রী সাধারণের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। কার্যত তিনি ভুক্তভোগী যাত্রী সাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন।

ডা. শফিকুর রহমান লিখেছেন, তার এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসমক্ষে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিরোধীদলীয় নেতা দাবি করেন, জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন।

সবশেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে মেজর (অব.) আখতারুজ্জামানের সম্মান বৃদ্ধি করার প্রার্থনা জানিয়েছেন।

/এফসি/