বিমানবন্দরে নামতেই পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিমানবন্দরে নামতেই পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা
নাসির উদ্দিন মৃধা জর্জ ও জাহাঙ্গীর আলম

কক্সবাজার থেকে উড়োজাহাজে ঢাকায় ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় এবং সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে ইউএস–বাংলা এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজ থেকে নামার পর নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) ও জাহাঙ্গীর আলমকে (৪৪) হেফাজতে নেয় বিমানবন্দর থানার পুলিশ। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

নাসির উদ্দিন মৃধা জর্জ গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক। তার বাড়ি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামে। জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, নাসির উদ্দিন ও জাহাঙ্গীর কক্সবাজার থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকায় আসছেন, এমন তথ্য পুলিশের কাছে ছিল। বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের হেফাজতে নেওয়া হয়।

ওসি বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় এবং সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, নাসির উদ্দিন মৃধা জর্জ ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমআর/