শিরোনাম

বাংলাদেশের সব গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: গোলাম পরওয়ার

নরসিংদী  সংবাদদাতা
নরসিংদী সংবাদদাতা
বাংলাদেশের সব গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: গোলাম পরওয়ার
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বাংলাদেশের রাজনীতির যতো গন্ডগোল, ক্ষমতার পরিবর্তন, অর্থনীতি, ব্যবসা, সংস্কৃতি– সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে দলের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে বা যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি– সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করছেন। তারা সমস্ত আন্তর্জাতিক আইন, বন্দি বিনিময় আইন, জেনেভা কনভেনশন– সমস্ত কিছুকে লঙ্ঘন করে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে প্রযুক্তিগত সুযোগ-সুবিধাসহ আরাম-আয়েশে দিল্লিতে থাকার সুযোগ দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমরা সব প্রতিবেশীর সাথে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, দেশের স্বার্থে, ন্যায্য সম্পর্ক চাই। কিন্তু একের পর এক একটা দেশের রাজনীতি, সরকার এবং জাতীয় স্বার্থের পরিপন্থী একের পর এক পদক্ষেপ নিলে দেশের জনগণ তো সেটা পছন্দ করে না।’

বিএনপি সরকারকে উদ্দেশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা, শপথ গ্রহণ করা এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানের সেই সংস্কারটা করা। তাহলেই সংকটটা নিষ্পত্তি হয়ে যাবে। আর তারা যদি তা না করেন, তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকবে না।’

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, আইন আছে, সরকার আছে– তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও বলেন, ‘এই ফ্যাসিবাদী শক্তিকে এই দেশের জনগণ কখনো বরদাস্ত করবে না। আর যদি এরপরে আবার কোনো জুলুম চালা হয়, তো র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, আধিপত্যবাদী শক্তির সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে এই জনগণই কিন্তু ফ্যাসিবাদের এই রানীকে কিন্তু দেশ ছাড়তে বাধ্য করেছিল। তারা এ দেশে কিন্তু এখনও আছে।’

সদস্য সম্মেলনে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা জামায়াতের সংগঠক মো. ইব্রাহিম ভুঁইয়া। এতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, কর্মপরিষদ সদস্য মশিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/