শিরোনাম

অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: রিজভী

নিজস্ব প্রতিবেদক
অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: রিজভী
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী (ডান থেকে দ্বিতীয়)।

অতীতের অনেক সময়ের তুলনায় বর্তমান সরকারের আমলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। কারণ হিসেবে তিনি বলেন, এখানে খুব ক্লোজ মনিটরিং রয়েছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, একটি রাষ্ট্র, সমাজের তো সবাই ফেরেশতা হয়ে যাবে না। এজন্য বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি পর্যায়ে আছে।

ঈদযাত্রার বিষয়ে তিনি বলেন, সরকারের অত্যন্ত দৃঢ় হস্তক্ষেপ ছিল বলেই এবার ঈদযাত্রায় যানজট প্রলম্বিত হতে পারেনি। অল্প কিছু সময় পরেই যানজট নিরসন হয়ে গেছে। ফলে এবারে ঘরমুখো মানুষ ঈদের দিন সকালে গিয়ে পৌঁছেছে বলে কেউ শোনেননি। সবাই নির্দিষ্ট সময়ে তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছে এবং যথাসময়ে ঈদের নামাজ আদায় করে কোরবানি দিয়েছে। অথচ আগে ভয়াবহ যানজট হয়েছে।

আগে কোরবানির হাটগুলোতে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এবার শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কোরবানির বর্জ্য পরিষ্কারে দুই সিটি কর্পোরেশনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, দারুণভাবে কাজ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বিকালের মধ্যে বিভিন্ন পাড়ায় মহল্লায় যেখানে কোরবানি হয়েছে, তারা সেই বর্জ্যগুলো অপসারণ করেছে।

আগে এমন দেখেননি বলে মন্তব্য করেছেন তিনি। রিজভীর দাবি, সরকার সবকিছুই খুব দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্যা নিরসনে দ্রুতগতিতে কাজ করছে।

/জেএইচ/