শিরোনাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট।

বৃষ্টি, অতিরিক্ত যানবাহনের চাপ এবং যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার রাস্তাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ।

মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত থেকে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত বিভিন্ন পয়েন্টে শুরু হয় যানজট। বুধবার (২৭ মে) সকালে যমুনা সেতু থেকে সেটা ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, অতিরিক্ত গাড়ির চাপ, বৃষ্টি ও মহাসড়কে গাড়ি বিকল হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে বাড়ি ফেরা ঘরমুখো মানুষেরা।

গাজীপুর থেকে পাবনাগামী এক যাত্রী বলেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য বাড়ি যাচ্ছি। তবে কখন পৌঁছাতে পারবো সে বিষয়ে নিশ্চয়তা নেই। চন্দ্রা থেকে গাড়ি অত্যন্ত ধীরগতিতে চলছে। দুই ঘণ্টার সড়ক আসতে সময় লেগেছে প্রায় ৬ ঘণ্টা।

অপর এক যাত্রী বলেন, নাটোর যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে গাড়িতে উঠেছি। যানবাহনের অতিরিক্ত ধীরগতির কারণে পথ আগানো যাচ্ছে না। ২-৩ ঘণ্টার পথ ৯ ঘণ্টায়ও পার হতে পারলাম না।

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘কয়েকটি গাড়ি বিকল হওয়া ও অতিরিক্ত যানবাহনের চাপে কিছুটা জটলার সৃষ্টি হয়েছে। সেইসঙ্গে বৃষ্টিও ভোগান্তি এনে দিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট স্বাভাবিক হবে।’

/জেএইচ/