শিরোনাম

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবি সূত্রে জানা যায়, আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি ডিবি।

জানা গেছে, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট তার বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। এ মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন টিপু মুনশি।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন শিরীন শারমিন চৌধুরী। ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর টানা চারবার তিনি এই দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। পরবর্তীতে ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী।

/জেএইচ/