শিরোনাম

১১ দলীয় জোটের লংমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ দলীয় জোটের লংমার্চ শুরু
১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। লংমার্চে অংশ নিতে আসা নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে শাপলা চত্বর ও আশপাশের এলাকা লোকারণ্য হয়ে ওঠে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

লংমার্চে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে এনসিপি নেতা নাসীরউদ্দীন পাটওয়ারী। ছবি: সিজেডিএন টোয়েন্টিফোর
লংমার্চে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে এনসিপি নেতা নাসীরউদ্দীন পাটওয়ারী। ছবি: সিজেডিএন টোয়েন্টিফোর

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। সবশেষ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লংমার্চের বহর রওনা হয়।

লংমার্চটির রুটে বিভিন্ন স্থানে পথসভা করবে। এছাড়া বিভিন্ন এলাকায় জনগণের পক্ষ থেকে সংবর্ধনা ও অভিবাদন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মসূচির শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মাধ্যমে লংমার্চ শেষ হবে।

সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘এই লং মার্চ ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাবেই। ২০২৪ সালে ছাত্র জনতা জুলাই আন্দোলনে লংমার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে।’

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘গণরায় বাস্তবায়নে বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ে আমরা অঙ্গীকারাবদ্ধ। অধিকার আদায়ে লং মার্চের শুরু।’

লংমার্চে নেতৃত্বে আছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়া রয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাসেমীসহ জোটের শীর্ষ নেতারা।

/জেএইচ/