শিরোনাম

শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, চট্টগ্রামের পথে লংমার্চ আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, চট্টগ্রামের পথে লংমার্চ আজ
মতিঝিল শাপলা চত্বরে সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর শাপলা চত্বরে জড়ো হয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকেরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে সেখানে সমাবেশ চলছে। সমাবেশস্থলে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্য শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে লংমার্চ যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই শাপলা চত্বর ও আশপাশের এলাকায় বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত হচ্ছেন। ছোট-বড় বিভিন্ন যানবাহনে ও ব্যানার হাতে কর্মসূচিতে যোগ দিতে আসছেন তারা। অনেকের হাতে রয়েছে বিভিন্ন দাবি ও স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে জনগণের অধিকার, আইনশৃঙ্খলার উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন কথা তুলে ধরা হয়েছে। বক্তব্যের ফাঁকে থিম সং পরিবেশন করে কর্মসূচিতে আরও প্রাণচাঞ্চল্য তৈরি করছেন শিল্পীরা।

মতিঝিল শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মী ও সমর্থক। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
মতিঝিল শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মী ও সমর্থক। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, শাপলা চত্বরের সমাবেশ শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে লংমার্চ করা হবে। এ সময় বিভিন্ন স্থানে পথসভা এবং স্থানীয় জনগণের পক্ষ থেকে সংবর্ধনা ও অভিবাদন জানানোর কর্মসূচি রয়েছে। ঢাকা থেকে যাত্রা করে লংমার্চটি চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

সমাবেশে জোট নেতারা বলেছেন, এটি কোনো একক দলের কর্মসূচি নয়। এটি জনগণের অধিকার, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনের দাবিতে আয়োজন করা হয়েছে। একইসঙ্গে শান্তিপূর্ণভাবে লংমার্চ সম্পন্ন করতে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

লংমার্চের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে- গণভোটের রায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

/জেএইচ/