শিরোনাম

বাংলাদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না: হাসনাত আব্দুল্লাহ

বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাট সংবাদদাতা
বাংলাদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না: হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

বাংলাদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের চিরতরে বয়কট করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা এনসিপি আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জুলাই পদযাত্রা ও পথসভায় বক্তব্যে এ কথা বলেন তিনি ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। দেশ গঠনে আপনাদের সহযোগিতা চাই। আমরা তরুণ, আমাদের ভুল থাকতে পারে। আপনারা আমাদের ভুল ধরিয়ে দেবেন। নতুন রাজনৈতিক দল হিসেবে বর্তমানে সংসদে এনসিপির ৬ জন এমপি আপনাদের কথা তুলে ধরছেন। আগামীতে আপনাদের সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টি ১৬০ জন সংসদ সদস্য নিয়ে এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবে।

তিনি বলেন, যে গাছ লাগায় সে সাধারণত ফল খেতে পারে না। যদি আপনারা নিজের মন দিয়ে পরিচর্যা করে গাছকে ফলে-ফুলে ভরে দিতে পারেন তাহলে আজকের এই জুলাই পদযাত্রা সফল হবে। এনসিপির পাশে থেকে আমাদেরকে পরামর্শ-নির্দেশনা দিয়ে লালন পালন করলে একটি সৎ ও সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। মানুষ তার অধিকার ফিরে পাবে। দেশের বেকারত্ব দূর হবে।

এনসিপির এই নেতা বলেন, যারা ভোট কিনে নির্বাচিত হয়, ভোটের সময় টাকা দেয়। তাদের আপনারা ভোট দিবেন না। তাহলে ক্ষমতায় গিয়ে আগে সেই টাকা তারা উসুল করার চেষ্টা করবে। আজকে অনেক রাজনৈতিক নেতার চরিত্রের অবক্ষয় হয়েছে। সততা, ন্যায়পরায়ণতা তাদের ভিতরে নেই। স্বাধীনতার পর থেকে দেশকে দুর্নীতি, অনিয়ম এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছাড়া বিগত সরকার কিছুই দিতে পারেনি। আমরা অল্প সময় হলেও নতুন প্রজন্মকে সততা, ন্যায়পরায়ণতা এবং নৈতিকতার পথ দেখানোর চেষ্টা করছি। যেহেতু আমরা টাকা খরচ করে এমপি হইনি। সেহেতু তহবিলের টাকা জনগণের ভিতর বিতরণ করতে পেরেছি।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি, ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, কেন্দ্রীয় নারীশক্তির নেত্রী আজবীন আরোবিন নওশিন, বাগেরহাট জেলা এনসিপির সভাপতি মোর্শেদ আনোয়ার সোহেল, চিতলমারী উপজেলায় এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক হোসেন জামি, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাব্বির মল্লিকের পিতা শহিদুল মল্লিকসহ এনসিপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পথসভা শেষে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপির নেতৃত্বে একটি জুলাই পদযাত্রা চিতলমারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

/এসবি/