সরকারের নির্দেশনাতেই পরিচালিত হচ্ছে ইসি: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সরকারের নির্দেশনাতেই পরিচালিত হচ্ছে ইসি: গোলাম পরওয়ার
সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। এটি সরকারের নির্দেশনাতেই পরিচালিত হচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার বিরোধী দলগুলোকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে। একইসঙ্গে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে ইসির অধীনে নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব নয়।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগের মাধ্যমে নিজেদের দলের লোকদের বসিয়েছে সরকার। এ ধরনের পরিস্থিতিতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে নিরপেক্ষ নির্বাচন আয়োজন কঠিন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সব প্রার্থীর জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ, নিরাপদ পরিবেশ এবং ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে।

/এসবি/