শিরোনাম

কোরবানির হাট কাঁপাবে ‘নেইমার’

যশোর সংবাদদাতা
কোরবানির হাট কাঁপাবে ‘নেইমার’
১৩শ কেজি ওজনের গরু। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে কোরবানির ঈদের আগেই আলোচনায় এসেছে ১৩শ কেজি ওজনের বিশাল আকৃতির একটি ষাঁড়। মাথার সামনের চুলের স্টাইল অনেকটা ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের মতো। তাই শখ করে ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘নেইমার’।

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডাঙ্গামশিহাটি গ্রামের তরুণ খামারি দেবু পাড়ে লালন-পালন করেছেন ফেলেক্স ভি জাতের এই ষাঁড়টি। সুউচ্চ দেহ, আকর্ষণীয় গঠন এবং মাথার সামনের বিশেষ চুলের স্টাইলের কারণে সহজেই অন্য গরুগুলোর থেকে আলাদা নজর কাড়ছে ‘নেইমার’। বিশাল আকৃতির হলেও স্বভাবে অত্যন্ত শান্ত।

২০২২ সালে যশোর সরকারি এমএম কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন দেবু পাড়ে। এরপর চাকরির পেছনে না ছুটে পারিবারিক খামারেই সময় দেন তিনি। নিয়মিত পরিচর্যা ও পুষ্টিকর খাবারের মাধ্যমে গড়ে তুলেছেন এই বিশাল ষাঁড়টিকে।

প্রতিদিন তিনবার গোসল করানো হয় ‘নেইমার’কে। খাবারের তালিকায় থাকে খোল, ভুসি, কাঁচা ঘাস, খড় ও অন্যান্য পুষ্টিকর খাদ্য। নিয়মিত পরিচর্যায় ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ষাঁড়টির ওজন এখন প্রায় ১৩শ’ কেজি।

দেবু পাড়ে জানান, তিন বছরে নেইমারের পেছনে ব্যয় হয়েছে প্রায় ৮ লাখ টাকা। এবারের কোরবানির হাটে গরুটির দাম আশা করছেন প্রায় ১২ লাখ টাকা।

তিনি বলেন, অনেক ভালোবাসা আর শ্রম দিয়ে গরুটিকে বড় করেছি। ভালো দাম পেলে খরচ উঠবে, সঙ্গে কিছু লাভও হবে।

যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, জেলার আট উপজেলায় এবার কোরবানির জন্য ১ লাখ ১৭ হাজার পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে অনেক খামারি পুষ্টিকর খাবার ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় আকারের গরু প্রস্তুত করেছেন।

/এসআর/