শিরোনাম

উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থী প্রত্যয়

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থী প্রত্যয়
মো. মালেকুল সালেহীন (প্রত্যয়)

রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার ‘ফিফটি লেট পোবেডি’-তে চড়ে উত্তর মেরু অভিযানে অংশ নিচ্ছে মো. মালেকুল সালেহীন (প্রত্যয়)। তিনি রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটম-এর সহায়তায় আয়োজিত ২১টি দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে প্রত্যয় অভিযানে যাচ্ছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি মুরমানস্ক আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই অভিযানের সূচনা হয়। ১০ দিনব্যাপী এই অভিযানে আইসব্রেকার জাহাজের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন রুসলান সাসোভ। যাত্রাপথে অংশগ্রহণকারীরা ব্যারেন্টস সাগর পাড়ি দিয়ে উত্তর মেরু এবং ফ্রাঞ্জ জোসেফ ল্যান্ড দ্বীপপুঞ্জ হয়ে আবার মুরমানস্কে ফিরে আসবে।

মাল্টি-স্টেজ ‘আইসব্রেকার অব নলেজ’ প্রতিযোগিতার সপ্তম আসরের অন্যতম বিজয়ী হিসেবে প্রত্যয় এই সুযোগ অর্জন করে। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, চীন, ব্রাজিল, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও ভিয়েতনামসহ ২২টি দেশ থেকে ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো।

উচ্ছ্বাস প্রকাশ করে প্রত্যয় বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত বিশেষ একটি দিন। আমি কখনোই কল্পনা করিনি যে একদিন আমি উত্তর মেরুতে ভ্রমণ করব। বাংলাদেশ থেকে আর্কটিক অঞ্চলের দূরত্ব বিশাল। আমি এই অভিযান নিয়ে ভীষণ এক্সাইটেড। এই অসাধারণ যাত্রায় নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

এ বিষয়ে রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘আর্কটিক হলো এমন একটি স্থান যেখানে সবচেয়ে উদ্ভাবনী ধারণাগুলো জন্ম নেয়। এই অভিযান এমন সব প্রতিভাবান তরুণদের একত্র করেছে যারা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যৎ গঠনে সাহায্য করবে ‘

তিনি উল্লেখ করেন, ‘রাশিয়ার অনন্য পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার বহর শিক্ষার্থীদের এমন কিছু প্রযুক্তির অভিজ্ঞতা লাভের সুযোগ করে দেয় যা অন্য কোথাও পাওয়া যায় না। একইসঙ্গে এটি বৈজ্ঞানিক অগ্রগতি ও পরিবেশ রক্ষায় অবদান রাখতেও তাদের অনুপ্রাণিত করে।

/এসআর/