শিরোনাম

বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ডা. জাহেদ
ডা. জাহেদ উর রহমান

সপ্তাহে একদিন বিনামূল্যে স্কুলশিক্ষার্থীদের জুলাই জাদুঘরসহ দেশের বিভিন্ন জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে জানাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জুলাই জাদুঘর উদ্বোধনের আগে নানা কথা হয়েছিলো উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, ‘শেষ পর্যন্ত সেসব কথা ভুল প্রমাণিত করে জাদুঘরটি চালু হয়েছে। উদ্বোধনের পরপরই জাদুঘরের ব্যবস্থাপনায় কিছুটা অসুবিধা দেখা দিয়েছিল। তবে বর্তমানে সেই সমস্যাগুলো সমাধান করা হয়েছে।’

জাদুঘরের ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ‘এই সমস্যাটির মূল কারণ ছিল দর্শনার্থীদের অতিরিক্ত চাপ। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। ফলে উদ্বোধনের পর বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করায় ব্যবস্থাপনায় কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল।’

এখন জাদুঘরের ব্যবস্থাপনা অনেকটা গুছিয়ে আনা হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর তাৎপর্য তুলে ধরতে সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়মিত জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে।’

/জেএইচ/