শিরোনাম

ব্রিকসে যুক্ত হতে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ব্রিকসে যুক্ত হতে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে। তারা (চীন) বাংলাদেশকে ব্রিকসে যুক্ত করতে সহযোগিতা করবে বলে জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে চীনের বেইজিংয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, চীন বাংলাদেশের অবকাঠামোর উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখছে। তারা সর্বোচ্চ সহযোগিতা করবে। আমদানি ও রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। চীনের সঙ্গে রপ্তানি বৈচিত্র্য বাড়ানো সম্ভব। চীনের যেমন বিনিয়োগ করার সুযোগ হয়েছে, আমাদেরও রফতানি করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের ব্যাংক খাতে ভূমিকা রাখতে চায় চীন। বাংলাদেশে অফিস খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে তারা। ভিসা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান মাহদী আমিন।

এর আগে, চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌ-নেভিগেশন উন্নয়নে চীন সরকারের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে প্রধানমন্ত্রী বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌ-নেভিগেশন উন্নয়নে চীন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এ খাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়াও ছিলেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

/এসবি/