পূজা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পূজা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে । আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে ব্যাংকের পাশাপাশি বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব কার্যক্রম।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন দুর্গাপূজার সরকারি ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এই কারণে টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ছুটির আগে ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে গত শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখা হয়েছিল। ওই দিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়।

দুর্গাপূজার ছুটিতে সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বন্দর ও কাস্টমস এলাকায় আমদানি-রপ্তানিবিষয়ক প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ব্যবস্থা নিতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

/বিবি/