শিরোনাম

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৫ জুলাই) তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, তুরস্ক সফরে গিয়ে সেনাবাহিনীর প্রধান সে দেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা নিবেদন করেন।

সফরকালে, সেনাবাহিনী প্রধান তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, তুর্কি চিপ অব দ্য জেনারেল স্টাফ সেলচুক বায়রাকতারোগলু, তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল ও ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনক ইয়েতকিনের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়াও, সফরকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির (এসএবি) প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।

তুরস্কের স্থলবাহিনীর সদর দপ্তর পরিদর্শনকালে সেনাবাহিনীর প্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়।

আইএসপিআর আরও জানায়, সেনাপ্রধানের সফরকালে হওয়া বৈঠকগুলোয় দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষাপ্রযুক্তি, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় ও প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।

সফরের অংশ হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের শীর্ষস্থানীয় বেশ কিছু প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সেখানে তিনি প্রতিষ্ঠানগুলোর অত্যাধুনিক প্রযুক্তির উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রযুক্তি পরিকল্পনা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন।

/আরএ/