শিরোনাম

নির্বাচন-পরবর্তী দুই দিনে দুই শতাধিক সহিংসতা, নিহত ৩: এইচআরএসএস

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন-পরবর্তী দুই দিনে দুই শতাধিক সহিংসতা, নিহত ৩: এইচআরএসএস
প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত দুই দিনে দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩ জন। এছাড়া তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ও নির্বাচন পর্যবেক্ষণ-পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজক এইচআরএসএস।

সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বলেন, নির্বাচন-পরবর্তী দুই দিনে ৩০টি জেলায় সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক নিহত হন। আর ময়মনসিংহে নিহত হয় একটি শিশু। এছাড়া নোয়াখালীতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব সহিংস ঘটনার সঙ্গে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী-সমর্থকেরা জড়িত ছিলেন।

এইচআরএসএসের তথ্য অনুযায়ী, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।

/জেএইচ/