শিরোনাম

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে তিন প্রস্তাব আইসিটি মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে তিন প্রস্তাব আইসিটি মন্ত্রীর
ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে কথা বলছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

বৈষম্যহীন ও নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তুলতে ৩ দফা দূরদর্শী প্রস্তাব পেশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বুধবার (২২ জুলাই) চীনের প্রাচীন সিল্ক রোডের শহর শি’আনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রস্তাব পেশ করেন তিনি।

আইসিটি মন্ত্রী বলেন, বহুপাক্ষিক সাইবার শাসনব্যবস্থা গড়ে তোলা এবং বৈশ্বিক ডিজিটাল বৈষম্য দূরীকরণে একযোগে কাজ করা এখন সময়ের দাবি।

সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে মন্ত্রী তার ৩টি মূল প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো-তরুণ মেধার বিকাশ ও সাইবার বিজ্ঞানী তৈরিতে বিশ্বব্যাপী যৌথ প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে ‘দক্ষতা বৃদ্ধি ও জ্ঞান হস্তান্তর’, ডিজিটাল বিভাজন দূর করতে ‘সাশ্রয়ী কানেক্টিভিটি’ নিশ্চিত করা, এবং ডিজিটাল উন্নয়নকে জনকল্যাণমূলক সম্পদ বিবেচনা করে আইপি ও ডাটা আর্কিটেকচার উন্মুক্ত করার মাধ্যমে ‘ডিজিটাল পাবলিক গুডস’ প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তার ৬৫ শতাংশ তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে একটি প্রযুক্তি ও বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক দেশ গঠনে কাজ করছে। দেশে বর্তমানে ৯০ শতাংশের বেশি মানুষ মোবাইল কানেক্টিভিটির আওতায় এসেছে। পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডি-নথি ও ই-সেবার মাধ্যমে নাগরিকদের সেবা সহজ করার পাশাপাশি এআই গবেষণা, ফিনটেক ও ড্রোন প্রযুক্তির মতো আধুনিক ধারার ব্যাপক প্রসার ঘটানো হচ্ছে।

আইসিটি মন্ত্রী বলেন, সাইবার অপরাধ, ভুয়া তথ্য ও ডাটা উপনিবেশবাদের মতো ঝুঁকি মোকাবেলায় বিশ্বব্যাপী সাইবার শাসনব্যবস্থাকে বহুমুখী, স্বচ্ছ এবং আন্তর্জাতিক আইনের ওপর প্রতিষ্ঠিত হতে হবে। প্রাচীন সিল্ক রোডের আস্থা ও বিশ্বাসের নীতিকে বজায় রেখে একটি বৈষম্যহীন ডিজিটাল বিশ্ব গড়ার এই যাত্রায় বাংলাদেশ সর্বদা একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে।

/এসবি/