শিরোনাম

গ্যাস-বিদ্যুতের সমাধান এক মাসে হবে না: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গ্যাস-বিদ্যুতের সমাধান এক মাসে হবে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সরকারের নিয়ন্ত্রণে নেই। এই সমস্যা এক মাসে সমাধান হবে না। তবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতিতে কোনো কিছুই করা সম্ভব নয়। এ জন্য সরকার ও বেসরকারি খাতকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কমিটি গঠন এবং ওয়েবসাইট চালু করা হয়েছে। ব্যবসায়ীরা কোথাও আটকে গেলে তা সমাধানে সরকার বদ্ধপরিকর। তবে কোথাও বাধার মুখে পড়লে ব্যবসায়ীদেরও নিজ উদ্যোগে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সরকারি দপ্তরে অযথা বারবার কাগজপত্র চাওয়া ও অনৈতিক অর্থ দাবির কারণে মানুষের যে অতিরিক্ত খরচ ও ভোগান্তি হয়, তা বন্ধ করতে হবে। এই হয়রানি জ্বালানি সংকটের মতো নয় যে সমাধানে দুই বছর সময় লাগবে। সরকার চাইলে এই ‘হয়রানি ট্যাক্স’ বন্ধ করতে পারে।

/এসবি/